পবিত্র আশুরার কারণে বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এদিকে আজ দিনভর কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে রাজধানীতে দুজন, চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজন।
অপরদিকে কোটা আন্দোলেনের মধ্যেই সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজ বন্ধ