অনির্দিষ্টকালের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো সে সিদ্ধান্ত নিজেরাই নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কিনা সে বিষয়টির সিদ্ধান্ত আগামীকাল বুধবার (১৭ জুলাই) জানা যাবে। আজ রাতে প্রভোস্ট কমিটির জরুরি সভা এবং আগামীকাল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হবে। এরপরই সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কিংবা হল বন্ধ হবে কিনা সেটা আগামীকাল জরুরি সিন্ডিকেট সভার পর বলা যাবে। আপাতত সকলের নিরাপদ সব অবস্থান নিশ্চিত করার জন্য সকল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ সার্বক্ষণিক তৎপর থাকবেন।
এদিকে আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হলো।
অনির্দিষ্টকালের জন্য সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ছাত্র নিহতের পর বেরোবি বন্ধ ঘোষণা