বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা প্রায় ১৬ টন সালফিউরিক অ্যাসিড জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার জব্দ করা ১৫ টন ৭৫০ কেজির চালানটির ইনভয়েজ মূল্য কাস্টমস ডিউটিসহ প্রায় ২১ লাখ টাকা বলে কাস্টমস জানায়।
পণ্য চালানটি আমদানি করেছে চট্টগ্রামের রিফ লেদার লিমিটেড। রফতানিকারক হলো ভারতের কেরেলার ক্যাটালাইস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, যা বন্দর থেকে খালাসের দায়িত্বে ছিল মোশারফ ট্রেডার্স নামে সিঅ্যান্ডএফ এজেন্ট।
কাস্টমস সূত্রে জানা যায়, রিফ লেদার লিমিটেড ২ জুলাই ফরমিক এসিড নাম ঘোষণা দিয়ে এই সালফিউরিক এসিড আমদানি করে। পণ্য চালানটি বন্দরের ৩৮ নম্বর শেডে রাখা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে চালানটির নমুনা সংগ্রহ করে কেমিক্যাল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ল্যাব টেস্টে ফরমিক এসিডের পরিবর্তে সালফিউরিক এসিড পাওয়া যায়। এ অ্যাসিড আমদানি করতে হলে এলসি খোলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিস্ফোরক অধিদপ্তরের অনুমতির প্রয়োজন হয়।
এ ব্যাপারে সিঅ্যান্ডএফ এজেন্ট মোশারফ ট্রেডার্সের মালিক মোশারফ হোসেন বলেন, এর দায়ভার আমদানিকারকের। আমরা মাল ছাড়ের কাজ করি। পণ্যের ভেতরে কী আছে না আছে সেটা পরীক্ষার পরে বুঝতে পারি। তবে আমদানিকারক পণ্য চালানটি আবার ল্যাব টেস্টের জন্য বেনাপোল কাস্টমস কমিশনার কাছে আবেদন করেছেন।
বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম বলেন, কেউ অনিয়ম করলে এখানে কাউকে ছাড় দেওয়া হয় না। এ পণ্য চালানের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে না।
অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি
ছারছীনার পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আর নেই