কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের রেশ ধরে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন, নিহত হয়েছেন ৬জন।
আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের মানুষ। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন।
বুধবার (১৭ জুলাই) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে তৌহিদ আফ্রিদি লিখেন, আমি দুঃখিত যে আমি দেরি করে ফেলেছি এই বিষয়ে কথা বলতে। আমাকে আপনারা অনুগ্রহ করে আবু সাঈদ ভাই এর পরিবার এর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিন। আমি এককভাবে তার পরিবার এর পাশে দাঁড়াতে চাই। আমি আসছি আপনাদের সাথে যোগ দিতে। আপনাদের সাথে এক হয়ে মাঠে নামব। আর নয় রক্তক্ষরণ। শান্তি চাই, শান্তি চাই।
একই সুরে মন্তব্য করেন তাসরিফ খান। তিনি লিখেন, আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, আবু সাঈদ ভাইকে শহীদ হতে দেখলাম।কয়টা দিন ধরে শুধু কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না।
মানুষের উপর মানুষের নির্মমতা দেখে কেমন জানি পাথর হয়ে গেছি। সাঈদ ভাইয়ের পরিবারের নাম্বার পেয়েছি। যতদ্রুত সম্ভব আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক