ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে তারা এ বিক্ষোভ করেন। এতে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।
এর আগে ১১টা ২৫ মিনিটে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন বিজয়-৭১ চত্বরে এসে তারা সমাবেশ করে। সমাবেশ শেষে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, আমরা আমাদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি। আমাদের আন্দোলন সরকার বিরোধী নয়, আমাদের আন্দোলন ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন। আমাদের ৬ জন ভাইকে তারা হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।
