যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে আহত ২ জনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৮:১৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন অজ্ঞাতনামা (৩০) এবং অপরজনের নাম ইমরান (২৫)। ইমরান বুধবার রাতে গুলিবিদ্ধ হয়েছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞাতনামা ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৬টার দিকে মারা যান ইমরান।

অজ্ঞাতনামা যুবককে হাসপাতালে নিয়ে আসা এক পথচারীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বিকেলে যাত্রাবাড়ী এলাকা থেকে কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসে তাকে। তার মুখমণ্ডলে এবং বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে। তবে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে চিকিৎসা দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা যান গুলিবিদ্ধ ইমরান। দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমরানের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেন জানান, ইমরানের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তার বাবা আলম বাবুর্চি গত তিন মাস আগে মারা যান। এক ভাই ও দুই বোনের মধ্যে মেঝো ইমরান। পরিবারের সাথে যাত্রাবাড়ী দনিয়া এলাকায় থাকতেন তিনি। এলাকাতে বাবুর্চির কাজ করতেন। গতকাল বুধবার রাতে তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনতে পান তিনি।

তিনি জানান, রাতে হাসপাতালে এসে আহত অবস্থায় তাকে দেখতে পান। রাতেই তাকে চিকিৎসকরা আইসিইউ'তে নেন। আইসিইউতে চিকিৎসাধীন সন্ধ্যায় তিনি মারা গেছেন।

বুধবার তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তানজিল হোসেন জানান, বুধবার বিকেলে কাজলা আদর্শ স্কুলের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত