বর্তমানে চলমান পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে গত বৃহস্পতিবার থেকে কাজ করছে। এর মধ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় বিমানবাহিনী এসব কাজ করছে।
গতকাল মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কয়েক দিন ধরে বিমানবাহিনী যেভাবে কাজ করছে, তার বিস্তারিত তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে হেলিকপ্টার বা বিমানের মাধ্যমে রেসকিউ মিশন, ফায়ার বাকেট মিশন, ট্রুপস মিশন সম্পন্ন করে এবং দ্রুততম সময়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আনা-নেওয়া নিশ্চিত করছে।
এতে বলা হয়, ইতিমধ্যে নাশকতামূলক অগ্নিকা-ে আক্রান্ত সেতুভবন, বিটিভি ভবন ও অন্যান্য স্পর্শকাতর স্থাপনায় অগ্নিনির্বাপণের জন্য প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ নৈশকালীন ফায়ার বাকেট অপারেশন পরিচালনাসহ বিআরটিএ মিরপুর, ধানম-ির সায়েন্স ল্যাবে সংঘটিত অগ্নিনির্বাপণে ফায়ার বাকেট অপারেশন পরিচালনা করা হয়। এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর ইউএভির মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর পর্যবেক্ষণ মিশন চলমান রয়েছে।
গতকাল মঙ্গলবার বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হেলিকপ্টারযোগে ঢাকা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। চলমান পরিস্থিতিতে বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। এ ছাড়া যাবতীয় উদ্ধারকাজে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
