শক্তিশালী টাইফুন গায়েমির তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান। দেশটির পূর্ব উপকূলের স্থলভাগে টাইফুনের আঘাতে তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছে। টাইফুনের কারণে বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ সব এবং দুই শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট।
দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, টাইফুন গায়েমির তাণ্ডবে তাইওয়ানের দক্ষিণ উপকূলে নয়জন ক্রুসহ একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটির তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারী কর্মকর্তারা। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কাওসিউং উপকূলে তানজানিয়ার পতাকাবাহী জাহাজটি ডুবে যায়।
তাইওয়ানের হুয়ালিয়েন শহরের কাছে আঘাত হেনেছে টাইফুন গেমি। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার। ধারণা করা হচ্ছে, গত ৮ বছরের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী টাইফুন।
শক্তিশালী টাইফুনের কারণে ইতিমধ্যে তাইওয়ানে সবচেয়ে বড় বাৎসরিক সামরিক মহড়া বাতিল করা হয়েছে। এ ছাড়া ভূখণ্ডটির প্রায় সব অভ্যন্তরীণ ফ্লাইট এবং দুই শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।
স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, টাইফুন গায়েমির আঘাতে ভূমিধস এবং আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এপ্রিল মাসে একটি বড় ভূমিকম্প আঘাত হানা পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে তাইওয়ানের ইলান কাউন্টির নিকটবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে টাইফুন গায়েমি।
তাইওয়ানে আঘাত হানার আগে ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে টাইফুন গায়েমি। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে। দেশটিতে প্রায় ১.৫ মিলিয়ন লিটার জ্বালানী বহনকারী একটি ট্যাঙ্কার ডুবে গেছে। ফিলিপাইনের পতাকাবাহী এমটি টেরা নোভার ট্যাংকার থেকে ১৬ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।
ইতিমধ্যে ফিলিপাইনে অন্তত ৮ জনের প্রাণহানির খবর জানা গেছে। অবিরাম ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে।
ভারতে বাজেট পেশ, সংসদের ভেতরে ও বাইরে ব্যাপক বিক্ষোভ