বালিয়াডাঙ্গী

‘মারতে মারতে মেরে ফেলল মেয়েটাকে’

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৯:০৫ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আশরাফুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গীর থানার ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে মারা যায় গৃহবধূ সাবলি আক্তার (১৯)। বৃহস্পতিবার সকালে তার বাবা মহিম উদ্দীন দুজনকে আসামি করে থানায় মামলা দায়েরের পর আশরাফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আশরাফুল উপজেলার আমজানখোর ইউনিয়নের মেরধাপাড়া গ্রামের আফতাব উদ্দীনের ছেলে।

এলাকাবাসী জানায়, ৩ বছর আগে দুই পরিবারের সম্মতিতে উপজেলার আমজানখোর ইউনিয়নের চড়ুইগদি গ্রামের মহিম উদ্দীনের মেয়ের সাথে আশরাফুলের বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সাবলিকে প্রতিবেশী  মাজেদুল ইসলামের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়া সন্দেহে কয়েক দফায় মারধর করে স্বামী আশরাফুল ও তার পরিবারের লোকজন।

খবর পেয়ে গৃহবধুর বাবা ও প্রতিবেশীরা বিষয়টি মীমাংসা করে দিলেও মারধর অব্যাহত রাখে স্বামী আশরাফুল। গত মঙ্গলবার রাতে মারধরের এক পর্যায়ে জ্ঞান হারায় সাবলি। পরে রাত দেড়টার সময় তার বাবা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাবলিকে পাঠানো হয় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে আইসিউতে ৬ ঘণ্টা থাকার পর বুধবার রাতে মারা যায় সাবলি।

পুলিশ বলছে, গৃহবধুর সাবলির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকে সাবলির শ্বশুর বাড়ির লোকজন এবং প্রতিবেশী মাজেদুল ইসলামের পরিবার ঘরে তালা দিয়ে পলাতক রয়েছেন। দুই পরিবারের লোকজন কোথায় আছে তা কেউ বলতে পারছে না।

নিহত গৃহবধুর বাবা মহিম উদ্দীন বলেন, মেয়ে অপরাধ করলে তাকে আমাদের হাতে তুলে দিতে পারত। মেয়েটাকে প্রয়োজনে আমরা বাড়িতে রাখতাম। মারতে মারতে মেরে ফেলল মেয়েটাকে। আমরা জামাই আশরাফুল ও তার বাড়ির লোকজনের বিচার চাই।

গৃহবধুর মা সাহেরা বেগম বলেন, দেড় বছর বয়সী নাতনি, এখনো বুকের দুধ খাচ্ছে। এই মেয়েকে কিভাবে মানুষ করব?

ইউপি চেয়ারম্যান আকালু ডংগা বলেন, অপরাধ করলে দেশে আইন-আদালত আছে। সন্দেহের জেরে একজনকে মেরে ফেলা, এটার বিচার হওয়া উচিত।

বায়িলাডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তার আশরাফুলকে আদালতে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত