নাটোরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাত দশটার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরবিার ও স্থানীয় সূত্র জানায়, চিৎলাপাড়া গ্রামের তফিজ উদ্দিন মোল্লা’র ছেলে ব্যবসায়ী আরিফুল ইসলামের সঙ্গে একই এলাকার রব্বেল মোল্লা’র ছেলে বজলু মোল্লা, নজরুল মোল্লাসহ তার অনুসারীদের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা মোতাবেক বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী আরিফুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের প্রায় ৮/১০ জন ব্যক্তি। তাদের হামলায় বাড়িতে থাকা লোকজন মারধরের শিকার হয়ে পালিয়ে যায়। পরে প্রতিপক্ষ বজলু মোল্লা, নজরুল মোল্লা, রুমি বেগম, সিহাব মোল্লা ও জিয়ারুল মোল্লা বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে চলে যায়। এছাড়াও বাড়ি ঘর ভাঙচুর করে।
ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতে অতর্কিত হামলার শিকার হয়েছেন তারা। হামলা, ভাঙচুর ও লুটপাট করে বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার মিলে প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে গিয়েছে প্রতিপক্ষরা। তিনি সকল অপরাধীর আইনগত শাস্তি ও টাকা, স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন।’
অভিযোগের বিষয়ে বজলু মোল্লা মোবাইলে বলেন, ‘ব্যবসায়ী আরিফুল ইসলামের সাথে পূর্ব বিরোধ রয়েছে তাদের। শত্রুতা থাকার কারণে নিজের বাড়িতে নিজেরাই ভাঙচুর করে তাদের ওপরে দায় চাপানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এমন কর্মকাণ্ডে জড়িত নয় বলেও দাবি করেন তিনি।’
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জল হোসেন বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
