রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তাদের এক বন্ধু। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শহরের তবলছড়ি-আসামবস্তি সংযোগ সড়কের পাশে ওই হ্রদে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্ণব চৌধুরী (১৫) ও এডিশন সাহা (১৬)। রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহত শিবম দাশকে (১৪) সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, তিন বন্ধু দুপুরে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এ সময় লাইফ জ্যাকেটের মতো কিছু একটা নিয়ে দুই বন্ধু ঘাট থেকে দূরে চলে যায়। পরে সেটি হাত থেকে সরে গেলে দুজনই পানিতে ডুবে যায়। তখন আরেক বন্ধু সাহায্য করতে গেলে সেও ডুবে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন হ্রদ থেকে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় মো. কুদ্দুস আলী বলেন, ‘হঠাৎ শুনতে পাই কে যেন পানিতে পড়ে গেছে। তখন আমি সেখানে গিয়ে পানিতে নেমে একে একে তিনজনকে উদ্ধার করি। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।’
শুক্রবার বিকেলে শিবম দাশের বাবা নয়ন দাশ মোবাইল ফোনে বলেন, ‘শিবমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। তার চেতনা ফিরেছে।’
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তিশা চাকমা জানান, দুপুরে পানিতে ডুবে যাওয়া তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই অর্ণব চৌধুরী ও এডিশন সাহার মৃত্যু হয়। তবে শিবম দাশকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
