প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা চালানো হয়েছে। শনিবার সকালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে এতোগুলো পরিবারের ক্ষতি হলো, এর দায়িত্ব কার? এর বিচার দেশবাসীর কাছে চাই। এ সময় সরকার আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে বলেও জানান শেখ হাসিনা।
এর আগে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো.নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
