মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দৃশ্যমান জঙ্গি নির্মূল করা হয়েছে, গর্তের মধ্যে লুকিয়ে থাকা ও বিদেশি প্রভুদের মদদে কিছু আছে তাদের একেবারে নির্মূল করা যাবে না। আর সেটা সম্ভবও না। শনিবার (২৭ জুলাই) দুপুরে মাদারীপুরের বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরব আমিরাতের একটি বিচারের উদ্ধৃতি দিয়ে বলেন, যেভাবে সে দেশে (আরব আমিরাত) দ্রুত বিচার করে শাস্তি দেয়া হয়। তেমনি আমাদের দেশেও সেই বিচারের ব্যবস্থা করা হবে। এখন অত্যাধুনিক যুগে জনগণের সাক্ষীর প্রয়োজন হয় না। ফুটেজ দেখে চিহ্নিত করা যায়। সেজন্য আমরা বলছি শুধু দ্রুত নয়, দ্রুততম সময়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসিবুর রহমান খানসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।
পরে মন্ত্রী মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধাদের অফিস, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজ, মস্তফাপুর পুলিশ বক্স, এরপর সার্বিক পাম্প ও সার্বিক বাস ডিপো পরিদর্শন শেষে গার্ড অফ অর্নার নিয়ে পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, শহরের লঞ্চঘাট এলাকার ১ নম্বর পুলিশ ফাঁড়ি, জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেন এবং বিকেলে শহরের শকুনী লেকের পাড়ে এক আলোচনা সভায় যোগদান করবেন মন্ত্রী।
