কোটা আন্দোলন 

ছেলে ফিরল, তবে লাশ হয়ে...

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৯ পিএম

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকার রামপুরায় বিজিবির গুলিতে নিহত হন শিক্ষার্থী মারুফ হোসেন। তার পিঠ দিয়ে গুলি ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। তবে ময়নাতদন্ত ছাড়াই গত রোববার তার মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার থানা পাড়ার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

মারুফের বাবা শরিফুল ইসলাম ফুটপাতে পেয়ারা বিক্রি করে কোনমতে সংসার চালান। অভাব-অনটনের সংসারেও মারুফকে তিনি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করিয়েছেন। এ বছর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে গত ১ জুলাই ঢাকায় ইন্টার্নি করতে গিয়েছিল মারুফ। 

ঘটনার দিন গত ১৯ জুলাই বেলা ১১টার দিকে বাবা শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে শেষ কথা হয় মারুফের। বাবাকে বলেছিল, একটু পরিবেশ-পরিস্থিতি ভালো হলে গাড়ি চলবে। গাড়ি যেদিন ছাড়বে, সেদিনই সে চলে আসবে। ‘ছেলে ঠিকই বাড়ি আসলো, কিন্তু লাশ হয়ে।’—এমনটিই জানাচ্ছিলেন মারুফের হতভাগ্য বাবা শরিফুল ইসলাম। 

এসময় তিনি আরও জানান, মারুফের পিঠ দিয়ে গুলি ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। ঘটনাস্থলেই সে মারা যায়।     

কান্না থামছেই না মারুফের মায়ের। পাশে বসা বাবা শরিফুল ইসলাম ও ছোট বোন মায়সা। শনিবার দুপুরে খোকসা থানা পাড়া থেকে তোলা | ছবি: দেশ রূপান্তর

মারুফের মা ময়না খাতুন বলেন, ‘আমার সোনার টুকরো ছেলে কোনদিন কারো মুখের দিকে তাকিয়ে কথা বলেনি। এলাকার প্রতিটি মানুষ তাকে ভালোবাসতো। ছেলে আমাকে স্বপ্ন দেখিয়েছিল, ইন্টার্ন শেষ করে চাকরি করে বড় একটি বাড়ি করবে। আমার আর কোন আশা নাই, ভরসাও নাই। বিচার চেয়ে কি হবে, যে যাওয়ার সে তো চলেই গেছে।’

মারুফের ছোট বোন মায়সা বলে, ‘আমার ভাইকে যারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের বিচার চাই। ভাই ছাড়া তো আমি একা হয়ে গেলাম। আল্লাহর কাছে বিচার দিলাম।’

খোকসা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান হোসেন বলেন, ‘মারুফের মতো ভদ্র ছেলে পুরো খোকসায় দ্বিতীয়টি নেই। কোনদিন কারো সঙ্গে তাকে বিবাদ করতে দেখিনি। কোনদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। গত ২৮ জুন বাড়ি থেকে ঢাকায় ইন্টার্ন করতে গিয়েছিল। ও যে মেসে থাকতো সেটা ছিল ৬ তলা বিশিষ্ট ভবন। ঘটনার দিন কোনো কাজে নিচে নেমেছিল। কিছু বুঝে ওঠার আগেই সামনের রাস্তায় আন্দোলনকারীদের লক্ষ্য করে বিজিবির করা গুলিতে মারুফ নিহত হয়।’

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন-নুর যায়েদ বলেন, ‘নিহতের স্বজনদের খোঁজ-খবর নেওয়া হয়েছে। মরদেহের দাফনকাজ সম্পন্ন হয়েছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত