বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক

আয়োজকেরা জানান, এ সমঝোতার মাধ্যমে জাপানে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের চিকিৎসাসংক্রান্ত যোগাযোগ ও সমন্বয় সহজ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাপানের উন্নত হৃদরোগের চিকিৎসা, রোবোটিক চিকিৎসাপ্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্পর্কে বাংলাদেশি রোগীদের জানার সুযোগ বাড়বে।

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

বাংলাদেশি রোগীদের জাপানে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়াতে চিকিৎসা পর্যটন ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও জাপানের সংশ্লিষ্ট সংগঠনগুলো। এ লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এবং জাপানের ইন্টারন্যাশনাল মেডিকেল কো-অর্ডিনেটর কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (জিমকা) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে দুই দেশের মধ্যে চিকিৎসা পর্যটন সম্প্রসারণ, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা এবং উন্নত চিকিৎসাপ্রযুক্তি বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আয়োজকেরা জানান, এ সমঝোতার মাধ্যমে জাপানে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের চিকিৎসাসংক্রান্ত যোগাযোগ ও সমন্বয় সহজ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাপানের উন্নত হৃদরোগের চিকিৎসা, রোবোটিক চিকিৎসাপ্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্পর্কে বাংলাদেশি রোগীদের জানার সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে ‘জাপানে হৃদরোগের চিকিৎসার অগ্রগতি’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওভাসকুলার মেডিসিন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিরোমাসা ওতাকে। তিনি হৃদরোগের আধুনিক চিকিৎসাপদ্ধতি, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি) এবং জটিল করোনারি ইন্টারভেনশনে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।

আন্তর্জাতিক চিকিৎসা যোগাযোগবিষয়ক অধিবেশনে বক্তব্য দেন কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারন্যাশনাল মেডিকেল কমিউনিকেশন সেন্টারের প্রধান অধ্যাপক তোমো ইতো। তিনি আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা প্রদানের বিভিন্ন দিক এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিমকার মহাসচিব কাতসুয়া সাকাগামি, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কিয়োশি আমাদা ও সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ইউকো মোরিকাওয়া এবং শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের বোর্ড পরিচালক ফুতোশি কোনো।

বিএমটিএর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, সহসভাপতি এএমআর মজুমদার লিটন, শাব্বির আহমদ তামিম ও আবদুর রশিদ এবং সাধারণ সম্পাদক একেএম মুফাসসেরুল হকসহ সংগঠনের অন্য সদস্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সভাপতি রাশেদ রাব্বি ও বর্তমান সাধারণ সম্পাদক মুজাহিদ শুভসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএমটিএ ২০২১ সাল থেকে বাংলাদেশে চিকিৎসা পর্যটন এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব উন্নয়নে কাজ করছে। অন্যদিকে, জিমকা জাপানে চিকিৎসা নিতে আগ্রহী আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, দুই সংগঠনের এই সমঝোতা বাংলাদেশের রোগীদের জন্য জাপানের বিশেষায়িত চিকিৎসাসেবা সম্পর্কে তথ্য পাওয়া এবং চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া সমন্বয়ে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত