দুস্থদের চেক বিতরণ অনুষ্ঠানে ধূমপান করা নিয়ে সংঘর্ষ

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:১০ এএম

যশোরের মনিরামপুরে দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান চলাকালে হল রুমের বারান্দায় ধূমপান করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমপির ব্যক্তিগত নিরাপত্তা কর্মী ও এক ডিএসবি সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। গতকাল শনিবার দুপুরে মনিরামপুর উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় যশোর-৫, সংসদ সদস্য এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গরিব ও দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণের অনুষ্ঠান চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী এবং বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ এবং থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, অনুষ্ঠান চলাকালে হল রুমের বারান্দায় ধূমপান করা নিয়ে দুই জনপ্রতিনিধির কর্মীদের মধ্যে বাগবিত-া, ধাক্কাধাক্কির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। হট্টগোল শুনে মঞ্চ থেকে নেমে আসেন উপজেলা চেয়ারম্যান। এগিয়ে যান সংসদ সদস্যর ব্যক্তিগত নিরাপত্তা কর্মী শহিদুল ইসলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মারপিটের শিকার হন ডিএসবি এএসআই ফিরোজ হোসেন ও এমপির নিরাপত্তা কর্মীও। এতে আহত হন ছাত্রলীগের বাপ্পী, আবু বক্কর, সালেহ, রিয়াদ হোসেন, আলী কদর, পরশসহ অন্তত ১০ জন। আহতদের মধ্যে পাঁচজন মনিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস।

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, সহকারী পুলিশ সুপার আবু দাউদসহ পুলিশ একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

যশোর-৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেন, সরকারি প্রোগ্রাম চলাকালে উপজেলা চেয়ারম্যান হঠাৎ মঞ্চ থেকে নেমে গেলেন। বিষয়টি আমার কাছে বোধগম্য নয়। যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় আমার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু দাবি করেন, অনুষ্ঠান চলাকালে হলরুমের বারান্দায় সংসদ সদস্য ভাইপো পরিচয়দানকারী রিয়াদ হোসেন নামে এক যুবক ধূমপান করছিল। তাকে নিষেধ করায় আমার কর্মীদের ওপর চড়াও হয়। এ সময় তারা আমার তিন কর্মীকে মারপিট করে আহত করে। এ ঘটনার মামলা প্রস্তুতি চলছে।

এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি এবিএম মেহেদি মাসুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত