‘সরকারের নির্দেশে সেনাবাহিনী এবং পুলিশ জনগণের ওপর যেভাবে গুলি ছুড়েছে, তা সম্পূর্ণ আইনবহির্ভূত এবং সংবিধানপরিপন্থী। এই নির্বিচারে হত্যাকান্ড, মামলা ও গণগ্রেপ্তার কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। গতকাল শনিবার পল্টন মোড়ে ‘ছাত্র জনতার পাশে নারীসমাজ’-এর উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হত্যা, হামলা, মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত এক নারী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তব্য, স্লোগান এবং গণসংগীতের মাধ্যমে সমাবেশটির আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন মোড় থেকে প্রেস ক্লাব মোড়ে এসে শেষ হয়। এর আগে সমাবেশে বক্তারা আওয়ামী সরকারকে প্রত্যাখ্যান করে বলেছেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়ার সব নৈতিক ভিত্তি এই সরকার হারিয়ে ফেলেছে।’ অবিলম্বে তারা সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন।
সভায় বক্তব্য দেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকী, লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা, আইনজীবী সাদিয়া আরমান, কোটা সংস্কার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্বজন জাকিয়া শিশির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট দীপা মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ইডেন কলেজের প্রেসিডেন্ট শাহীনুর সুমি প্রমুখ।
