ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিজয় পাড়ায় একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে পরিবারের লোকজন দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় চারজনের লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মৃতরা হলেন নবীনগর বাজারের কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৩), তার স্ত্রী জান্নাতুল আক্তার (২২), দুই মেয়ে ফারিয়া (৪) ও ফাহিমা (২)।
সোহাগের পিতা আমির হোসেন বলেন, ‘সোহাগ আমার বড় ছেলে। তাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা ছিল না। এমনকি গতকাল রাতেও তারা হাসিখুশি ছিল। তবে কি কারণে ছেলে তার স্ত্রী, দুই শিশু সন্তানসহ গলায় ফাঁস নিল কিছুই বুঝতে পারছি না।’
তবে সোহাগের স্ত্রী জান্নাতুল আক্তারের মা বলেন, ‘আমার ঘরের সাথে আমার মেয়ের ঘর। সকাল হয়ে গেল কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠছে না। অনেকবার ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে আমি চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভাঙে। তখনই দেখতে পেলাম আমার মেয়ে, দুই নাতনি ও জামাই ফাঁসিতে ঝুলে আছে।’
এলাকাবাসীর ভাষ্য, সোহাগ মিশুক ও সামাজিক মানুষ ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষ হওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
ঘরে মিলল একই পরিবারের ৪ জনের মরদেহ