আমাদের ওপর থাবা দিয়েছে বিএনপি-জামায়াতের জঙ্গিরা: প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৯:৩১ পিএম

কোটা কোনো ইস্যু ছিল না, বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল দেশটাকে ধ্বংস করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখানে ওই শিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত তারাই কিন্তু, এবং জঙ্গি তারা। এই জঙ্গিরাই কিন্তু আজ আমাদের ওপর থাবা দিয়েছে।

আজ সোমবার (জুলাই ২৯) বিকেলে গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। একেবারে জঙ্গিবাদী কাজ। জামায়াত-শিবির, বিএনপির জঙ্গিরা আজ আমাদের ওপর থাবা দিয়েছে।

তিনি বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা।

বিশ্বব্যাপী বাংলাদেশের নাম শুনলে এখন সবাই সমীহ করে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটি মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে। সবাই সম্মানের চোখে দেখে বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত