কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য হত্যা মামলায় একাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার ও তার হাতে হাতকড়া পরানোর ঘটনা ‘ভুল’ ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আদালতকে আশ্বস্ত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গতকাল সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চে সংশ্লিষ্ট বিষয়ে আদালতকে অবহিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর ও শেখ মোহাম্মদ মোরশেদ।
তারা বলেন, ওই কিশোরের রিমান্ড বাতিল করা হয়েছে। তাকে শিশু আইনের বিধান অনুযায়ী সংশোধনাগারে পাঠানো হয়েছে। শুনানি নিয়ে তাকে রিমান্ডে নেওয়ার ঘটনার প্রতিকার চেয়ে গত রবিবার করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আদেশ দেয় হাইকোর্ট। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক।
আইনজীবী সূত্রে জানা গেছে, গত শনিবার ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকা কলেজের প্রথম বর্ষের এই শিক্ষার্থীকে হাজির করা হয়।
