বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে যাওয়ার পথে আশরাফুল ইসলাম নাইম (১৮) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ময়নামতি জাদুঘর সড়কে এ ঘটনা ঘটে বলে জানায় আহত আশরাফুল ইসলাম। সে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সি এ তথ্য নিশ্চিত করে বলেন, গুলিটি আশরাফুল ইসলামের বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে। পায়ের হাড় ভেঙে গুলিটি ভেতরে রয়ে গেছে। এ মুহূর্তে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে পরবর্তী ধাপে পায়ে অপারেশন করা হবে।
এ বিষয়ে আহত আশরাফুল ইসলাম বলেন, আন্দোলনে যোগ দিতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়মুখী সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শুনে দৌড় দিই। প্রথমে কিছু বুঝতে পারিনি। পরে বাঁ পা অবশ হয়ে গেলে সড়কের পাশে পড়ে গিয়ে জ্ঞান হারাই। পরে এক পায়ে ভর দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসি।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, আশরাফুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি জেনেছি। কে বা কারা গুলি করেছে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
