নিজের সেরা টাইমিং করেও ৭৯ জনের মধ্যে ৬৯তম সামিউল

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম


প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হতাশার গল্প দিন দিন বেড়েই চলছে। আজ মঙ্গলবার ১০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয় হিটে আজ পুলে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। করুণ পারফর্মেন্সের মাধ্যমে হিটে অংশ নেওয়া ৭৯ জনের মধ্যে তিনি ৬৯তম হয়ে তিনি বাদ পড়ে গেছেন।

নিজের হিটে আট জনের মধ্যে পঞ্চম হয়েছিলেন সামিউল। তিনি সময় নিয়েছিলেন ৫৩.১০ সেকেন্ড। তবে সব মিলিয়ে ১০টি হিট শেষে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশে এই সাঁতারু।

৫৩.১০ সেকেন্ড সামিউলের সেরা টাইমিং। এই ইভেন্টে তাঁর সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। এই সেরা টাইমিং করতে পেরেই খুশি সামিউল। মিক্সড জোনে দাঁড়িয়ে বাংলাদেশি সাংবাদিকদের বলেছেন, ‘নিজের টাইমিং ভালো করার চেষ্টা ছিল আমার। সেটা পেরেছি। সেরা টাইমিং হয়েছে, এতে ভালো লাগছে।’

তবে আন্তর্জাতিক মানদণ্ডে যে এই টাইমিং অনেক পিছিয়ে, সেটাও বলেছেন বাংলাদেশের সাঁতারু, ‘এই ইভেন্টে সেমিফাইনালে খেলা সাঁতারুদের টাইমিং থাকে ৪৭ থেকে ৪৮ সেকেন্ডের মধ্যে। আমরা বেশ পিছিয়ে। আমি নিজের সেরা টাইমিং করলেও ইচ্ছা ছিল ৫২ সেকেন্ডের মধ্যে সাঁতার শেষ করা।’

সময়ের হিসেবে শীর্ষ ১৬ জন উঠেছেন সেমিফাইনালে।৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত