রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী গানের মিছিল বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংগঠনটির সদস্যদের ধ্বস্তাধস্তি এবং বাগবিতণ্ডা হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট (জিপিও মোড়) থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে যাওয়ার সময় জিরো পয়েন্ট মোড়েই তাদের বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর জিরো পয়েন্টের গোলাপ শাহ মাজার রোডে বসে পড়েন সংস্কৃতিকর্মীরা। সেখানে তারা পুলিশের উদ্দেশে খুনি খুনি বলে স্লোগান দেন এবং প্রতিবাদী গান গাইতে থকেন।
প্রতিবাদী গানের মিছিলে উপস্থিত উদীচীর সাবেক সাধারণ সম্পাদক এবং সহসভাপতি জামশেদ আহমেদ তপন বলেন, আমরা শান্তিপূর্ণ সুশৃঙ্খল মিছিল নিয়ে বাহাদুর শাহ পার্কের দিকে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধার কারণে সেটি সম্ভব হয়নি। সেজন্য আমরা সড়কেই অবস্থান নিয়েছি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের কর্মসূচি পালন করব।
