ইরানের তেহরানে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে।
খবরে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তেহরানে এক হামলায় ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষী নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
হামাস জানিয়েছে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে গুপ্ত ইহুদিবাদী হামলায় হানিয়াহ নিহত হয়েছেন।
তবে তিনি কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে।
তবে ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে বলে বুধবার জানিয়েছে সৌদি সংবাদ সংস্থা আল-আরাবিয়া এবং আল-হাদথ।
কিছু সূত্রের বরাতে আল হাদথ নিশ্চিত করেছে যে, তেহরানের সময় দুপুর ২টার দিকে ইসমাইল হানিয়াহকে হত্যা করা হয়েছিল। তার বাসভবনকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হানিয়া ও তার দেহরক্ষীকে হত্যা করা হয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে ইসমাইল হানিয়াহ এবং তার সঙ্গী ওয়াসিম আবু শাবানকে লক্ষ্য করেই বাসভবনটিতে হামলা চালানো হয়। এমনকি তারা যেখানে বিশ্রাম নেন সেই স্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়।
মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন।
ইসমাইল হানিয়াকে হত্যা, যা বলছে হামাস