ইসমাইল হানিয়াকে হত্যা, যা বলছে হামাস

  • হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে যে কোন মূল্য দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস
  • হানিয়ার হত্যাকাণ্ড একটি কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছে সশস্ত্র সংগঠনটি 
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১১:১৬ এএম

ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া তার এক দেহরক্ষীসহ তেহরানে নিহত হয়েছেন।

হানিয়ার মৃত্যু একটি বড় ধাক্কা হয়ে এসেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির জন্য। হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে যে কোন মূল্য দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস।

হামাস-নিয়ন্ত্রিত আল আকসা টেলিভিশন চ্যানেলে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মুসা আবু মারজুককে উদ্ধৃত করে হানিয়ার হত্যাকাণ্ড একটি কাপুরুষোচিত কাজ মন্তব্য করা হয়েছে। হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি। খবর আল জাজিরা।

এছাড়া হামাসের সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি হামাস প্রধানের হত্যাকাণ্ডকে 'গুরুতর পরিস্থিতি' বলে অভিহিত করেছেন।  

জুহরি আরও বলেছেন যে হামাস "জেরুজালেমকে মুক্ত করার জন্য উন্মুক্ত যুদ্ধ" চালাবে এবং তারা "যেকোন মূল্য দিতে প্রস্তুত"।

অন্যদিকে হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে ‘বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে’ ইসমাইল হানিয়া নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত