পাকিস্তান সফর নিয়ে ‘নিরাপত্তা শঙ্কা’: সরকারের সহায়তা চাইল বিসিবি

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৬:১৫ পিএম

চলতি মাসের মাঝামাঝিতে পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। তার আগে ‘এ’ দল সেখানে সিরিজ খেলবে। ২১ আগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছে। পাশাপাশি সফর চলাকালীন বাংলাদেশ সরকারের থেকে একজন নিরাপত্তা পরামর্শকও চেয়েছে বিসিবি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এ দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘দেখুন, নিরাপত্তা দেওয়াটা আসলে তাদের (পাকিস্তান) ওপর নির্ভর করে। তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে বলেই সেখানে আমরা সফর করছি। তাদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরই এই সফরটি চুড়ান্ত করা হয়।’

এর আগে গত বছর হাইব্রিড মডেলের এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলেছে বাংলাদেশ। সেই প্রসঙ্গ টেনে জালাল ইউনুস বলেছেন, ‘আপনি নিশ্চয়ই জানেন যে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছিল এবং তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তাই প্রদান করেছিল। তারা আমাদের নিরাপত্তা বিষয়ে নিশ্চিত করেছিল বলেই ওই টু্র্নামেন্টে খেলেছি। এছাড়া সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক দল সেখানে সফর করেছে। নিরাপত্তা নিয়েও তারা সন্তুষ্ট ছিল।’

তবে এবারের পাকিস্তান সফরে নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না বিসিবি। জালাল ইউনুসের কথাতেই তার প্রমাণ, ‘আমরা অবশ্যই নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত ছিলাম। তবে তাদের থেকে সবরকম আশ্বাস পাওয়ার পরই এই সফর চুড়ান্ত করেছি। সেইসঙ্গে সরকারকে অনুরোধ করেছি, সফর চলাকালীন সময়ে আমাদেরকে একজন নিরাপত্তা পরামর্শক দেওয়ার জন্য, যিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সর্বদা তাদের (আয়োজক) সাথে যোগাযোগ বজায় রাখবেন।’

আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগেই মুশফিক-মুমিনুলরা সেখানে যাবেন দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ খেলতে।। দলের কোনো ক্রিকেটারই এই সফর নিয়ে আপত্তি করেনি বলে জানিয়েছেন জালাল ইউনুস। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত ইতোমধ্যেই পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত