গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাকে মারধর, গ্রেপ্তার ৩

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৬:৫৮ পিএম

গোপালগঞ্জে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও তার স্ত্রীকে মারধরের অভিযোগে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের আকবর হোসেনের ছেলে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহবুদ্দিন মোল্যার সঙ্গে প্রতিবেশী বিবার মুন্সীর ছেলে জাহিদ মুন্সীর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন জাহিদ মুন্সীর নির্দেশে তার ভাই ইউপি সদস্য আজিজুর রহমার আজু ও তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শাহবুদ্দিন মোল্যার (৫৮) বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে শাহবুদ্দিন মোল্যা ও তার স্ত্রী নূরের নাহার বেগমকে (৪৮) বেপরোয়াভাবে মারধর করে। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ এসে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজিজুর রহমান আজু (৩৮), জাহিদ (৩৫) ও হাবিবুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করে। 

কাশিয়ানী থানার ওসি জিল্লুর রহমান ঘটানার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধের সঙ্গে যেই থাকবে, তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত