দ্রুততম জলমানব হবেন কে

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১২:০৩ পিএম

সাঁতার, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে পুরনো পাঁচটি ক্রীড়ার একটি, যার ইতিহাস ১২৮ বছরের। আধুনিক অলিম্পিক শুরুর সময় অর্থাৎ ১৮৯৬ সাল থেকেই অলিম্পিক পুলে ঝড় তুলে আসছেন সাঁতারুরা। অলিম্পিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি ২৩টি স্বর্ণপদক জেতা অ্যাথলেটটিও হলেন একজন সাঁতারু, যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মাইকেল ফেলপস। ৫০ মিটার দৈর্ঘ্যরে একটি সুইমিং পুল এফোঁড় ওফোঁড় করে ফেলেন সাঁতারুরা সম্মান অর্জনের জন্য। আর কখনো সেটা নির্ধারণ হয়ে থাকে ১ সেকেন্ডের ১০০ ভাগের ১ ভাগ সময় পার্থক্যের জন্যও।

অলিম্পিক সাঁতার দেখতে এমনিতেই উদগ্রীব হয়ে থাকেন দর্শকরা। এক সাঁতারেরই রয়েছে বেশ কটি ভিন্ন ভিন্ন ধারা। ফ্রিস্টাইল, ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ব্রেস্টস্ট্রোক, মিডলে এবং রিলে। এর মধ্যে সবচেয়ে পুরনো ধারাটি হলো ফ্রিস্টাইল। শুধুমাত্র ১৯০০ আসরটি ছাড়া বাকি সবগুলো অলিম্পিক সাক্ষী এ ইভেন্টটির। ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইলের এ পাঁচ ধরনের সঙ্গে ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টটি অলিম্পিকে যুক্ত হয় ১৯৮৮ সালের সিউল আসরে। এর আগ পর্যন্ত একটি পুলকে অন্তত দুবার এমাথা-ওমাথা করতে হতো সাঁতারুদের। দূরত্ব কম হওয়ায় সাঁতারুর গতিই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক। তাই এই ইভেন্টের বিজয়ীকে মেনে নেওয়া হয় দ্রুততম জলমানব কিংবা জলমানবী নামে।

অলিম্পিকে ১৯৮৮ সালে প্রবর্তিত হলেও ১৯৭৬ সালে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের (ফিনা) স্বীকৃতির মধ্য দিয়ে ৫০ মিটার ফ্রিস্টাইলের যাত্রা শুরু। ওই বছরই ২৩.৮৬ সেকেন্ড সময়ের বিশ্বরেকর্ড নিয়ে প্রথম জলমানব হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জন্টি স্কিনার। পৃথিবীর দ্রুততম জলমানবের খেতাবটি এখন ব্রাজিলের সফলতম সাঁতারু সিজার চিয়েলোর অধীনে। ২০০৯ সালে ২০.৯১ সেকেন্ডে শেষ করেছিলেন তিনি। নারী সাঁতারুদের মধ্যে প্রথম দ্রুততম জলমানবী হয়েছিলেন পূর্ব জার্মানির কর্নেলিয়া এনডার। ১৯৭৫ সালে তার সময় লেগেছিল ২৬.৯৯ সেকেন্ড। বর্তমান দ্রুততম জলমানবী হলেন সুইডিশ তারকা সাঁতারু সারা ক্রোস্টম। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৩.৬১ সেকেন্ড সময় নিয়ে এ কীর্তি গড়েন তিনি।

প্যারিস অলিম্পিকে পুরুষদের দ্রুততম জলমানব হওয়ার লড়াই আজ রাত সাড়ে ১২টায়। আর নিশ্চিতভাবেই এ ইভেন্টে সবচেয়ে ফেভারিট যুক্তরাষ্ট্রের সেলেব ড্রেসেল। গত অলিম্পিকে ২১.০৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ও রেকর্ড দুটোই নিজের করে নিয়েছিলেন তিনি। নারীদের এ ইভেন্টটি আমাদের জন্য একটু বেশি আবেগের। কেননা তাতে অংশ নেবেন বাংলাদেশ থেকে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া একমাত্র নারী ক্রীড়াবিদ সোনিয়া খাতুন। তবে ফেভারিট তকমাটা থাকবে সারা  ক্রোস্টমের দিকেই। আর তাকে টেক্কা দিতে প্রস্তুত থাকবেন বর্তমান অলিম্পিক রেকর্ডধারী অস্ট্রেলিয়ার তারকা এমা ম্যাকিয়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত