হবিগঞ্জে এমপি আবু জাহিরের বাসায় হামলা-ভাঙচুর

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৫:৫১ পিএম

হবিগঞ্জে সংসদ সদস্য আবু জাহিরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সময় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুরে জুমার নামাজ শেষে হবিগঞ্জ শহরে টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বাদ জুমা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ চত্বর ও খোয়াই নদীর তীরে নূরুল হেরা জামে মসজিদের সামনে গণমিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় টাউন হলের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে নূরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়লে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে যান। পরে আওয়ামী লীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংসদ সদস্যের বাসায় ইটপাটকেলও নিক্ষেপ করা হয়। এ সময় সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত