নারী শিক্ষককে যৌন হয়রানি

প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার পদ থেকে জহুরুল ইসলামকে বহিষ্কার

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০১:১৭ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলামকে নারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে উপজেলা স্কাউট কমিশনার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা স্কাউট মিটিংয়ের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। পরে ফলদা রাম সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালকে ভারপ্রাপ্ত স্কাউটের কমিশনারের দায়িত্ব দেয়া হয় ।

এর আগে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের একজন নারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও কু-প্রস্তাব দেয়ার অভিযোগে অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হওয়ার কারণে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে একজন নারী শিক্ষককে যৌন হয়রানি ও কু-প্রস্তাব দিয়ে আসছিল।

এ ছাড়াও তার প্রতিষ্ঠানের আরো কয়েকজন নারী শিক্ষককে তিনি রাতে মোবাইলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কু-প্রস্তাব দিতেন। প্রধান শিক্ষককের বিরুদ্ধে তার নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা স্কাউটের অর্থ সম্পাদক শাহ আলম সরকার বলেন, “বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা স্কাউটের সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্কাউটের মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে নারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠা স্কাউট কমিশনার কাজী জহুরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। তার স্থলে জাফর ইকবালকে দায়িত্ব দেয়া হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, “প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার পদ থেকে কাজী জহুরুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বিধি মোতাবেক যে ব্যবস্থা আছে সেটি গ্রহণ করা হবে।“

×
সর্বশেষ সর্বাধিক পঠিত