তিন বছরেই ছয় হাজার টাকার বেতনের চাকরি করে কোটিপতি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ভূমি অফিসের উমেদার (আউটসোর্সিং) কম্পিউটার অপারেটর মো. ইমন হোসেন। পরিচয় দেন সহকারী এসিল্যান্ড অফিসারের। ২০২১ সালে ৬ হাজার টাকা বেতনে উপজেলার ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে অস্থায়ী নিয়োগ দেয়া হয়। এরপর অফিসের বিভিন্ন ফাইল অনলাইনে এন্ট্রি করার দায়িত্ব দেওয়া হয় তাকে। এতেই যেন হাতে আসমান পেয়ে বসলেন ইমন হোসেন।
দায়িত্ব পাওয়ার পর জমা পড়া আবেদন পত্রের খুঁটিনাটি ভুল খোঁজা শুরু করেন তিনি । যেসব আবেদন পত্রে ভুল পাওয়া যায় সেগুলো ফটোকপি করে রাখতো ইমন। তারপর ওই আবেদনকারীদের কল করেন ডেকে আনেন ভূমি অফিসে। ভুল দেখিয়ে এসিল্যান্ডের কথা বলে মোটা অংকের ঘুষ দাবি করেন তিনি । ভুল অনুযায়ী ঘুষের পরিমাণ নির্ধারণ করা হত।
শুধু তাই নয় এসিল্যান্ডের স্বাক্ষরিত পরিচয়পত্র ও জেলা প্রশাসকের জ্যাকেট পড়ে নিজ মোটরসাইকেলে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেরায়। এরপর জমি ভরাট, বালু উত্তোলন, বালু বহনকারী বাল্কহেডসহ বিভিন্ন অনিয়ম ও অবৈধস্থাপনায় গিয়ে সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
এক ভুক্তভোগী জানায়, “আমি আমার কাহেতারায় নিজ কৃষি জমি ভরাট করার জন্য পকেট করেছি। হঠাৎ ইমন নামের ছেলেটি আমার কাজে বাঁধা দেয়। এমনকি এসিল্যান্ডের কথা বলে ২ লাখ টাকা দাবি করে। ২ লাখ টাকা না দিলে কাজ বন্ধ রাখতে হবে। পরে অনেক জোরাজোরি করে ১ লাখ টাকায় রাজি হয়।”
আরেক ভুক্তভোগী জানান, “বাল্কহেডে করে আস্তর বালু নিয়ে এসে কনকসার নদীর পাড়ে আসি। পরে ইমন এসে ভয়ভীতি দেখিয়ে ৪ লাখ টাকা দাবি করে। তখন বালু মহলের টোকেন দেখাই কিন্তু সেটিতেও কাজ হয়নি। অবশেষে ৭৫ হাজার টাকায় দফারফা শেষ করি।”
শিমুলিয়া গ্রামের এক বাসিন্দা ২৪৩ শতাংশ জমির নামজারির করতে দেন এক ব্যক্তিকে। জমির কাগজ দেখে ইমন ১০ লাখ টাকা দাবি করে। পরে অনেক অনুনয় বিনয় করে ৫ লাখ টাকা নিয়ে কাজটি করে দিতে। কিন্তু সে কাজটি ১০ লাখ টাকা ছাড়া করা যাবে না বলে জানিয়ে দেয়। হলদিয়ার আরেক ভুক্তভোগী জানান, ২৩ শতাংশ জমির নামজারি করতে ১ লাখ ২০ হাজার টাকা নিয়েছে ইমন। আরেক জমির ব্রোকার জানান, ২৩ বছর যাবত ভূমির কাজ করি। তবে ইমনের মতো এমন জুলুমবাজ ছেলে কখনও দেখিনি। ইমন ২ টাকার কাজ ১০ টাকা দাবি করে।
অনুসন্ধানে জানা যায়, আল আরাফা ইসলামি ব্যাংকের একটি একাউন্টে ০৪ জুলাই বৃহস্পতিবার ৮ লাখ ৮০ হাজার টাকা ক্যাশ ছিল। সেই সাথে লাখ লাখ টাকার কয়েকটি স্থায়ী সঞ্চয়পত্র (ফিকস্ট ডিপোজিট) রয়েছে। বাবা নুর আলী আকন্দ ও বড় ভাই মিশন আকন্দর ৩০ লাখ টাকার ঋণ পরিশোধ করেছে ইমন। এবং ২০ লাখ টাকা খরচে দুইটি ঘর তুলেছে। গত মাসে ১৫ লাখ টাকা খরচ করে বিবাহ করেন। আড়াই লাখ টাকার মোটরসাইকেল, স্ত্রী ও নিজে আইফোন ব্রান্ডের মোবাইল ব্যবহারসহ বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। অনুসন্ধান আরও দেখা যায়, চাকুরির ৩ বছরে কোটি টাকার মালিক বুনে গিয়েছে এ উমেদার। সামান্য ৬ হাজার টাকা বেতনে চাকুরী করে ৩ বছরে কোটি টাকা মালিক হয়ে ফুলেফেঁপে উঠেছেন। যদিও গত ৩ বছরে ৬ হাজার টাকা করে মোট ২ লাখ ১৬ হাজার টাকা হবার কথা।
গত ২১ জুলাই কনকসার বাজারে কারফিউ জারিতে এসিল্যান্ডের সঙ্গে পুলিশসহ ইমনও আসেন। এ সময় পুলিশ ও এসিল্যান্ড কাউকে কিছু না বললেও ইমনের হাতের লাঠি দিয়ে বাবু খান, ইমন, আকবর, আলী হোসেনসহ বেশ কয়েকজনকে মারধর করেন। শুধু কনকসার নয় এমন চিত্র উপজেলার প্রতিটি স্থানে দেখা গিয়েছে।
২০২০ সালের ৩০ জানুয়ারি ১৮০ বোতল বিয়ারসহ (মাদক) তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক বাদী হয়ে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (খ) ও ৪১ ধারায় মামলা দায়ের করেন। এরপর প্রেরণ করা হয় মুন্সীগঞ্জ কারাগারে। প্রায় তিন মাস জেল খাটার পরে জামিনে বের হয়ে আসেন তিনি। এরপর থেকে প্রতিমাসে মাদক মামলায় আদালতে হাজিরা দিতে যান ইমন হোসেন।
অভিযোগ বিষয়ে ইমন হোসেন বলেন, “সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি এমন কোন কিছুই করি না। আমাকে ছোট করার জন্য একদল অসাধু ব্যক্তি মিথ্যা তথ্য রটাচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার।”
তার অবৈধ টাকার উপার্জনের উৎস কী বা কীভাবে পেলেন এ প্রশ্নের কোনো উত্তর ইমন দিতে পারেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, “ইমনকে কম্পিউটার অপারেটর হিসেবে উমেদার অর্থাৎ আউটসোর্সিংয়ে রাখা হয়েছে। ইমন যে এগুলো করে বেড়াচ্ছে বা মাদক মামলার আসামি এটা আমরা জানতাম না। এর আগে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি । এখন যেহেতু অভিযোগ এসেছে । অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”
কোটা আন্দোলনের নতুন কর্মসূচি
ফ্রান্সের উদযাপন সইতে পারেনি আর্জেন্টিনা; শুরু হয় মারামারি
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ১৯ কংগ্রেস সদস্যের
মনোনয়ন নিশ্চিতে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কমলা হ্যারিস
প্যারিস অলিম্পিকের দ্রুততম জলমানব ক্যামেরুন ম্যাকএভয়
ভারতে বিএসএফের প্রধান এবং উপপ্রধানকে বহিষ্কার