চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সাতজন আহত হয়েছেন। এর মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বহদ্দারহাট এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বহদ্দারহাটের দিকে আসলে পুলিশ তাদের থামানো চেষ্টা করে। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং রাবার বুলেট ছুড়ে।
এদিকে চমেক সূত্র জানায়, আহত শিক্ষার্থীদের মারধর করেছে মেডিকেলে দায়িত্ব থাকা পুলিশের সদস্যরা। তবে এই অভিযোগটি নাকচ করে দিয়েছেন চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। জানান, হাসপাতালে আসা আহত শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় ৬ টার দিকে নিউমার্কেট থেকে মিছিলের একটি অংশ টাইগারপাস মোড়ে এসে পুলিশ বক্স ভাঙচুর চালায়। পরে নগরের দুই নম্বর গেইট এলাকায় শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা এবং বহদ্দারহাটে চসিক মেয়রের বাড়িতেও হামলা চালানো হয়।
