ফেসবুকে ছড়িয়ে পড়া ঘোষণাপত্রটি ভুয়া: আসিফ মাহমুদ

  • ফেসবুকে ছড়িয়ে পড়া ঘোষণাপত্রটি ভুয়া বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়
  • শনিবার অসহযোগ আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন সমন্বয়ক আসিফ মাহমুদ
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৮:২৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকার পতনের এক দফার দাবিসহ জাতীয় সরকার গঠনের একটি ঘোষণাপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ঘোষণাপত্রটি ভুয়া বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় বলে জানিয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘সরকার পতনের এক দফার দাবি ঠিক আছে। শুধু ছড়িয়ে পড়া ঘোষণাপত্রটি আমাদের নয়।’ 

গতকাল শনিবার বিকেল তিনটায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে সরকার পতনের এক দফা ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সে সময় অসহযোগ আন্দোলনের রূপরেখাও ঘোষণা করেন আসিফ মাহমুদ। এরপর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এক দফা’ এর ঘোষণাপত্রটি ছড়িয়ে পড়ে। 

এতে উল্লেখ করা হয়, ১ দফা ঘোষণাপত্র—যেহেতু, বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে ‘গণহত্যা’ সংঘটিত হয়েছে। নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এই ‘গণহত্যা’ থেকে রেহাই পাননি। যেহেতু, সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেপ্তার ও নির্যাতন করছে। যেহেতু, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে।

এতে আরও বলা হয়, যেহেতু, ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছেন এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়। সেহেতু, আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি। একই সঙ্গে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে জানতে শনিবার রাতে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে ছবিটির বিষয়ে তিনি বলেন, ‘এটা সত্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যেটা ছড়িয়ে পড়েছে সেটা আমাদের নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত