দুই গোলেই বার্সার দরজা খুলে গেলো ভিক্টরের

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম

মৌসুম শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে দারুণ ছন্দে আছেন পাউ ভিক্টর। গত মৌসুমে বার্সেলোনা ‘বি’ দলের হয়ে খেলা ২২ বছর বয়সী এই ফুটবলারকে নতুন মৌসুমে মূল দলের সঙ্গে রাখার ইঙ্গিত দিলেন নতুন কোচ হ্যান্সি ফ্লিক। কারণও আছে যথেষ্ঠ।

প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি গোল করেন এই স্ট্রাইকার। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক তিনিই। 

নিউ জার্সিতে বাংলাদেশ সময় রবিবার সকালের প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ২-১ গোলে হারায় বার্সেলোনা।

ম্যাচের ৪২তম মিনিটে কাছ থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন ভিক্তর। ৫৪তম মিনিটে কাছ থেকে স্লাইডে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এছাড়া তার দুটি প্রচেষ্টা দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। ৮২তম মিনিটে রিয়ালের একমাত্র গোলটি করেন নিকো পাস।

প্রথম ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে মূল ম্যাচে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জেতে বার্সেলোনা। ওই ম্যাচে দলের প্রথম গোলটি করেন ভিক্টর।

জিরোনা থেকে ধারে গত মৌসুমে বার্সেলোনা ‘বি’ দলের হয়ে খেলে ৩৯ ম্যাচে ২০ গোল করেন এই তরুণ। সম্প্রতি তাকে পাকাপাকিভাবে কিনে নেয় বার্সেলোনা।

প্রথম দলের ১০ জনকে ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে গেছে বার্সেলোনা। সুযোগ পেয়েছেন তাই ভিক্তরের মতো প্রতিভাবান কয়েকজন তরুণ। মূল খেলোয়াড়রা ফিরলে তাদের সবাই হয়তো সুযোগ পাবে না দলে। 

ক্লাসিকোর পর ভিক্টরের প্রসঙ্গে ফ্লিক বললেন, সবার জন্যই মূল দলের দরজা খোলা, 'দুই ম্যাচ, তিন গোল, খারাপ নয়। সে জানে, কীভাবে গোল করতে হয় আর তা একজন স্ট্রাইকারের জন্য ভালো ব্যাপার। মূল দলের দরজা সবসময় খোলা।'

যুক্তরাষ্ট্র সফরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বাল্টিমোরে এসি মিলানের মুখোমুখি হবে ফ্লিকের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত