বাংলাদেশ নিয়ে ভারতের সর্বদল বৈঠকে জয়শঙ্করকে প্রশ্ন রাহুলের

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৭:৫৯ পিএম

পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে গিয়ে শেখ হাসিনা এখন ভারতে আছেন। দিল্লির নিকটবর্তী হিন্দোন বিমানঘাঁটি থেকে তাকে দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে আধাসামরিক বাহিনীর একটি অতিথিশালায় রাখা হয়েছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে দিল্লির সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে। বিভিন্ন দলের সংসদ সদস্যদের সামনে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিস্থিতির বিবরণ দেন। এদিন আলোচনার শুরুতেই পররাষ্ট্রমন্ত্রীর কাছে রাহুল গান্ধী জানতে চান এই ঘটনার পিছনে বাইরের কোনো শক্তির হাত রয়েছে কি না? 

পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাহুল। পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ভারতের কূটনৈতিক অবস্থান কী হতে চলেছে? 

উত্তরে জয়শঙ্কর বলেন, “এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে আমাদের। তবে এক পাক রাষ্ট্রদূত সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইলের ছবি বদল করে সেখানকার হিংসাকে সমর্থন জানিয়েছেন। বর্তমানে তিনি ঢাকাতেই রয়েছেন। তবে এখনই তাড়াহুড়ো করে এই বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।”

পাশাপাশি জয়শঙ্কর আরও বলেন, “আমরা বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। বর্তমানে সেখানে ২০ হাজার ভারতীয় রয়েছেন। যার বেশিরভাগই শিক্ষার্থী। এদের অশান্ত বাংলাদেশ থেকে ফিরিয়ে আনাই এখন সরকারের মূল লক্ষ্য।” 

এছাড়াও বিরোধী শিবিরকে সরকারের তরফে জানানো হয়, বর্তমানে ভারতে থাকা শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী কেন্দ্র। গোটা পরিস্থিতিতে তাকে কিছুটা সময় দিতে চায় সরকার। বিরোধী শিবির অবশ্য এই বিষয়ে সরকারের সঙ্গে একমত। এমনকী সীমান্ত পরিস্থিতি নিয়েও বিরোধী শিবিরের সঙ্গে কথা হয় সরকারের।

তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে সরাসরি পাক যোগের কথা স্বীকার না করলেও সে সম্ভাবনা যে থাকতে পারে, তা অস্বীকার করেননি পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি এক গোয়েন্দা রিপোর্টেও উঠে এসেছে তেমন দাবি। জানা যাচ্ছে, ছাত্রদের সামনে রেখে পুরো পরিকল্পনা সাজিয়েছে পাকিস্তান। এমনকী এই ঘটনায় যোগ রয়েছে চীনেরও। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত