ভারতীয় তারকাদের চোখে বাংলাদেশ

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৩:৪৭ পিএম

বাংলাদেশের চলমান পরিস্থিতি চোখে পড়েছে বলিউড ও কলকাতার অভিনয়শিল্পীদের চোখেও। তারা বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত। নিজেদের সামাজিক মাধ্যমে এ নিয়ে কথাও বলেছেন। বলিউড তারকাদের কখনোই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মাথা ঘামাতে দেখা যায়নি। এবার তাদের নজরে এসেছে বাংলাদেশের চলমান সংকট।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর বাংলাদেশের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে এ নিয়ে কথাও বলেছেন। সোনম কাপুর বলেন, ‘এটা সত্যিই বাংলাদেশে যা ঘটছে, খুবই ভয়ানক ঘটনা। চলুন, সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।’

বরাবরই সোজাসাপ্টা কথা বলেন কঙ্গনা রানাউত। এটা অনেক সময় বিতর্কও তৈরি করে। তবে তার কথা সহসাই বাংলাদেশ নিয়ে ছিল না। এবার এই অভিনেত্রী ভারতের সংসদ সদস্য বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) কঙ্গনা বলেন, ‘ভারত হলো তার আশপাশের সব মুসলিম রাষ্ট্রের আসল মাতৃভূমি। আমরা গর্বিত এবং সম্মানিত যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সুরক্ষিতবোধ করেন।’

নিজের দেশের নিরাপত্তার প্রশংসা করে কঙ্গনা আরও লিখেছেন, ‘মুসলিম দেশে তো মুসলমানরাও সুরক্ষিত নয়। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা ঘটছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক।’

কলকাতার অভিনেতা জিৎ বাংলাদেশের পরিস্থিতি ও মানুষের জন্য প্রার্থনা করেছেন। এক ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের এই বড় তারকা বলেন, ‘বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে, সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক। আশা করি, এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব। প্রতিটা জীবনই মূল্যবান, তাই যেকোনো মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যক। শান্তি বজায় থাকুক।’

স্বস্তিকা মুখার্জি বরাবরই বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে কথা বলেছেন। স্বস্তিকা বলেন, ‘যে প্রজন্মকে শাপশাপান্ত করেছে সবাই, তাদের স্বার্থপর বলা হয়েছে। তারাই সবচেয়ে বেশি স্বার্থ ত্যাগ করে দেখাচ্ছে। নজরুল ফিরে আসছেন র‌্যাপ মিউজিক হয়ে, ফিরে আসছে কাব্য, স্লোগান। ১৯৫২, ১৯৭১, ১৯৯০ সালে বাঙালিকে দাবিয়ে রাখা যায়নি। ২০২৪ সালেও দাবিয়ে রাখা যাবে না। শান্তি ফিরুক। একসঙ্গে সব বাঙালি যেন এ গান গাইতে পারি, এই রক্ত আর যে চোখে সয় না। হায় মাতৃভূমি।’

অভিনেত্রী শ্রীলেখা মিত্র বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে বরাবরই সরব ছিলেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের পক্ষে নিজের অবস্থানও নিশ্চিত করেন এই নায়িকা। এবার সরকার পতনের পর বাংলাদেশে ঘটে যাওয়া বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি। একটি ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘ছাত্ররা আগামীর স্বপ্ন দেখে ধ্বংস করে না।’ তার শেয়ার করা ছবিতে লেখা ছিল, ‘আপনারা আশপাশের মন্দির-গির্জার খেয়াল রাখুন। কোনো রাজনৈতিক দলের প্রতিশোধ নেওয়ার জন্য ছাত্ররা বুলেটের সামনে বুক পেতে দেয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত