চিকিৎসাসেবা ভেঙে পড়েছে: ডা. রফিকুল ইসলাম

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৯:১৪ পিএম

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাসেবার সঙ্গে জড়িত অনেক চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী অনুপস্থিত থাকার কারণে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

ডা. রফিক জানান, গত ১৬ বছরের দুঃশাসন, অবিচার ও নিপীড়নের জন্য সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি বিভাগে এতদিন যে দুর্নীতি ও অবৈধ নিয়োগ কিংবা পদোন্নতির মাধ্যমে যে বৈষম্য তৈরী হয়েছে, আশা করি কর্তৃপক্ষ শিগগিরই তার সুষ্ঠু সমাধান করবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হলো সব ধরনের প্রতিহিংসা ও অরাজকতা বন্ধ রাখার। বিএনপি সকলের নিরাপত্তা বজায় রাখার জন্য বদ্ধপরিকর। তাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন হাসপাতালের পরিচালক, বিভাগীয় প্রধান, অধ্যাপক, চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে হাসপাতালের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত