সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
নেতারা সমবেত কণ্ঠে বলেন, আমি শপথ করছি যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনব ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তার ওপর ঘটে যাওয়া সকল প্রকার অন্যায়ের প্রতিশোধ নেব। আজ থেকে আমাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। আমি এই শপথ বাক্য বঙ্গবন্ধুর সমাধিসৌধ ছুঁয়ে করছি। আমাদের এই শপথ মহান রব্বুল আলামিন কবুল করুক। আমিন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
শপথ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় জি এম সাহাব উদ্দিন আজম বলেন, এই পরিস্থিতি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেল করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত প্রতিবাদ-প্রতিরোধ অব্যাহত রাখব। প্রত্যেককে গ্রেপ্তার এড়িয়ে চলতে হবে। তারপরও যদি কেউ গ্রেপ্তার হয়, আমিও যদি গ্রেপ্তার হই আপনারা বসে থাকবেন না। যে শক্তি নিয়ে আপনারা এখন চলছেন, তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামবেন। কারণ গোপালগঞ্জের মানুষ মুজিবপ্রেমী মানুষ। গোপালগঞ্জের মানুষ মুজিব পাগল মানুষ। তাই বিজয় আমাদের সুনিশ্চিত।
এর আগে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে টুঙ্গিপাড়া যান। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে পবিত্র ফাতেহাপাঠ করে নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা আওয়ামী লীগ নেতা রাজিউদ্দিন খান, এস এম নজরুল ইসলাম, নাজমুল হাসান নাজিম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটু, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বি এম তৌফিক, জেলা ছাত্র লীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমীর হামজাসহ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ, মৎস্যজীবী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিল ছাত্ররা
৯ মে’র সংঘর্ষ: শর্তসাপেক্ষে ক্ষমা চাইতে প্রস্তুত ইমরান খান
কাশিমপুর কারাগারে বিদ্রোহ: নিহত ৬, পলাতক ২০৯