থানা থেকে লুট অস্ত্র ফিরিয়ে দিল সোনাইমুড়ীর ছাত্ররা

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:২২ এএম

নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট করা সাতটি আগ্নেয়াস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। গতকাল বুধবার বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. ইফতেখারের কাছে অস্ত্রগুলো জমা দেওয়া হয়। একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে অস্ত্রগুলো উদ্ধার করে ছাত্ররা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সরকার পতনের পর বিক্ষোভকারীরা থানায় হামলা করে ওই অস্ত্রগুলো ছিনিয়ে নিয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, শটগান, থ্রি নট থ্রি রাইফেল, পিস্তল ও দোনলা বন্দুক।

এলাকাবাসী জানায়, গত সোমবার সন্ধ্যার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে সোনাইমুড়ী থানা পুলিশের সদস্যদের সংঘর্ষ হয়। এরপর বিক্ষোভকারীরা থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর করলে পুলিশ গুলি ছোড়ে। এতে অনেকেই গুলিবিদ্ধ হন। পরে বিক্ষোভকারীরা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে তিন পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন। ওই সময় থানা থেকে বেশ কয়েকটি অস্ত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. ইফতেখার বলেন, ‘ছাত্ররা অস্ত্রগুলো উদ্ধার করে জমা দিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত