এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে কলেজের ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি করা যাবে না।
আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদাত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ ব্যাপারে অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেন দেশ রূপান্তরকে বলেন, শিক্ষার্থীদের দাবির মুখে কলেজের একাডেমিক কাউন্সিল সর্বসম্মতিক্রমে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। আশা করি এই সিদ্ধান্তের ফলে কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।
এর আগে গতকাল ঢাকা মেডিকেল কলেজেও সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে কলেজের একাডেমিক কাউন্সিল।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে একাডেমিক কাউন্সিলের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো হলো
১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা ও তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
৩. কলেজ ক্যাম্পাস ও হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সব ধরনের রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির এবং অন্যান্য যেকোনো রাজনৈতিক দল) এবং রাজনৈতিক-অরাজনৈতিক লবিং ও ক্লাব সমূহের কার্যক্রম সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
৪. বৈধ শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।
৫. চলমান সব ব্যাচের শিক্ষার্থীদের অবিলম্বে হলে ফেরার আহ্বান জানানো হলো। একই সঙ্গে সব শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসব সিদ্ধান্ত গতকাল শনিবার থেকেই বলবৎযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কিছু লোক গোলমাল লাগানোর ইন্ধন যোগাচ্ছে: ড. ইউনূস
পুলিশ সদস্যদের কাজে ফেরার আহ্বান