দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যদের কর্মে ফেরার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহী শাখার সদস্যরা।
আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পুলিশের সাবেক কর্মকর্তারা।
সংবাদ সম্মেলোনে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর সদস্য মাহবুবউল কুদ্দুস সিদ্দিকী।
তিনি বলেন, বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্র সমাজ ও সংগ্রামী সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এক কুখ্যাত স্বৈরতান্ত্রিক শাসকের পতন ঘটিয়েছে। এই আন্দোলনে শেখ হাসিনা জনগণের রক্ষক পুলিশ বাহিনীকে দলীয়করণের ঘৃণ্য কাজ করেছে। পাশাপাশি অতি উৎসাহী পুলিশের কিছু সদস্যও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। যা চরমভাবে নিন্দনীয়।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশকে যেনো আর দলীয়করণে ব্যবহার করা না হয়। জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক প্রতিটি পুলিশ সদস্য।
এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর শাখার সভাপতি এজাজ আহম্মেদ খান, সাধারণ সম্পাদক কে এম হাসিবুর রহমার, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।
