ফ্লোর প্রাইসমুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক বেক্সিমকোর শেয়ার

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০১:১৭ এএম

দুই বছর পর ফ্লোর প্রাইস থেকে মুক্ত হতে যাচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার। গত বৃহস্পতিবার রাতে এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) একটি চিঠি ইস্যু করে।

এসইসির নির্দেশনায় বলা হয়, বেক্সিমকো লিমিটেডের শেয়ারে ফ্লোর প্রাইস রবিবার উঠে যাবে। আর ইসলামী ব্যাংকের শেয়ার থেকে উঠবে আগামী বুধবার।

বর্তমানে ছয়টি কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস রয়েছে। এর মধ্যে রবিবার বেক্সিমকো ছাড়াও ফ্লোর প্রাইসমুক্ত হবে খুলনা পাওয়ার ও শাহজীবাজার পাওয়ার। আর বুধবার ইসলামী ব্যাংকের পাশাপাশি বিএসআরএম লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার থেকে ফ্লোর প্রাইস উঠে যাবে।

এসইসির নির্বাহী পরিচালক এবং মুখপাত্র রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার পর ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আর এ সময় অফিস বন্ধ থাকায় বিএসইসি ওয়েবসাইটে অর্ডারটি প্রকাশ করা যায়নি।

শেয়ারবাজারে ধারাবাহিক পতন থেকে বিনিয়োগকারীদের রক্ষার জন্য ২০২২ সালে ২৮ জুলাই এসইসি ফ্লোর প্রাইস আরোপ করে। এতে পুঁজিবাজারে দরপতন থামানো গেলেও একটি নির্দিষ্ট দরে এসে সব শেয়ারের প্রাইস আটকে যায়। যার কারণে বাজারে লেনদেন কমে যায়।

চলতি বছরের জানুয়ারি থেকে এসইসি ধাপে ধাপে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে।

শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের পুঁজিবাজারে একের পর এক উল্লম্ফন হচ্ছে। সরকার পতনের পর  তিন কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ৫৮ হাজার কোটি টাকার ওপরে বেড়েছে। আর প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ৭০০ পয়েন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত