খেলা নিয়ে যারা ব্যবসা করে তাদের প্রয়োজন নেই: সোহান

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম

দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে ক্রিকেটাঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পলাতক আছেন। আরও কয়েকজন বিসিবি পরিচালক পলাতক। নতুন নেতৃত্বে কারা আসবেন- তা নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে আলোচনা। ক্রিকেটার নুরুল হাসান সোহান জানালেন, ক্রিকেটকে ভালোবাসে এমন ব্যক্তিদেরকেই তিনি বোর্ডে চান।

আজ রবিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহান বলেন, ‘শিক্ষার্থীরা যা করেছে, সেটা আমাদের জন্য অনুপ্রেরণার জায়গা। অবশ্যই বিসিবিতে কিছু ভালো মানুষ আছে, খেলার জগতেও কিছু ভালো মানুষ আছে। তবে কিছু মানুষ নিয়ে আমার প্রশ্নও আছে। এমন মানুষ আসা উচিত না যারা খেলাটাকে নিয়ে ব্যবসা করতে চায়। তারা ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসে। এমন মানুষের ক্রিকেটে কোনো প্রয়োজন নাই।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। সাকিব আল হাসানও খেলার চেয়ে ব্যবসা আর শো রুম উদ্বোধনেই বেশি মনোযোগী। এমন আরও অনেকেই আছেন। সোহান তাই মনে করেন, ক্রিকেটকে ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত ও ব্যবসায়িক ফায়দা নিতে না পারে। তিনি দেশের খ্যাতিমান কোচ নাজমুল আবেদিন ফাহিমকেও বোর্ডে চেয়েছেন।

সোহানের ভাষায়, ‘ফাহিম স্যারের মতো (নাজমুল আবেদিন ফাহিম) মানুষ যারা আছে, তারা ক্রিকেট ভালোবাসে। এরকম মানুষই আসা উচিত যাকে নিয়ে কোনো প্রশ্ন নেই এবং কোনো বিতর্ক নেই। আশা করি অবশ্যই ভালো মানুষেরাই আসবে। এখনো বোর্ডে কিছু ভালো মানুষ আছেন কিন্তু কাজ করার সুযোগ পায়নি। তাই বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় থাকার কথা ছিল, সে জায়গায় এখন নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত