জাপা নেতার বিরুদ্ধে ফ্যাক্টরি পোড়ানোর হুমকি ও চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৬:৪৭ পিএম

শেখ হাসিনা দেশত্যাগের পর নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় পার্টির এক নেতার বিরুদ্ধে শিল্পপ্রতিষ্ঠান পোড়ানোর হুমকি দিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও শতাধিক স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় শত কোটি টাকা হবে বলে ভুক্তভোগীদের দাবি।

জানা গেছে, জাতীয় পার্টির নেতা জাকির হোসেন জাক্কা মোল্লা ও তার ভাই শাহজাহান মোল্লার নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল গত ৬ আগস্ট উপজেলার কেওঢালা এলাকায় এসকিউ ক্যাবল ফ্যাক্টরিতে ভাঙচুর চালায় ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে কর্তৃপক্ষ ৫ লাখ টাকা চাঁদা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একই কায়দায় পোলার গ্লোব ফ্যাক্টরি থেকে ২ লাখ টাকা ও বেঙ্গল গেরেট ওয়েল টাইলসের গোডাউন থেকে ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে ৫ আগস্ট থেকে বন্দরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতা, চেয়ারম্যান ও আত্মীয় সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি ও সম্পদ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের অনেকেই।

বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন শিল্প প্রতিষ্ঠানে চাঁদা আদায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিল্পপ্রতিষ্ঠান থেকে আদায়কৃত অর্থ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ হোসেন বলেন, শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমানে আওয়ামী লীগ নেতারা লুটপাট করছে আর বিএনপি নামে অপপ্রচার ছড়াচ্ছে। বিএনপির কোনো নেতা কর্মীরা এ লুটপাটে নাই এবং থাকবেও না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত