তিন কেজি ‘আলু’ ঘুষ নিয়ে এসআই বরখাস্ত

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম

ঘুষ হিসেবে তিন কেজি আলু নেওয়ায় বরখাস্ত হয়েছেন ভারতের উত্তর প্রদেশের কানাউজের রাম কৃপাল সিং নামে এক পুলিশ কর্মকর্তা। তিনি উত্তর প্রদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত। যদিও তদন্তের পর জানা যায়, ‘আলু’ শব্দটি তিনি ঘুষ চাওয়ার কোড হিসেবে ব্যবহার করে থাকতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, একটি মামলা নিষ্পত্তি করার কথা বলে ঘুষ চান এসআই রাম কৃপাল সিং। সেই ঘুষ চাওয়ার অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর তদন্তে জানা যায় বিস্তারিত। পরে কানাউজের এসপি অমিত কুমার আনন্দের আদেশে বরখাস্ত হন তিনি। 

ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, এক কৃষকের সঙ্গে মামলা নিয়ে কথা বলছেন সাব-ইন্সপেক্টর (এসআই) রাম কৃপাল সিং। এ সময় তিনি ওই কৃষকের কাছে পাঁচ কেজি আলু চান ঘুষ হিসেবে। কিন্তু ওই কৃষক জানান, তিনি দুই কেজি দিতে পারবেন। এরপর এসআই রাম কৃপাল সিং রেগে যান। একসময় তিন কেজিতে রাজি হন সাব-ইন্সপেক্টর (এসআই) রাম কৃপাল সিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত