চট্টগ্রাম মেডিকেলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে চমেক ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

চমেকের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক ও অন্যান্য সংগঠন এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।

শনিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজ এর বিধান অনুযায়ী শান্তি প্রদান করা হবে বলে জানানো হয়। 

এর আগে, গত ৩ মার্চ ২০২১ তারিখে একাডেমিক কাউন্সিলের সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, শ্লোগান ইত্যাদি সম্পূর্ণরুপে নিষিদ্ধ হয়েছিল। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত