সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তার স্ত্রী নুরুন ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবারই ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, হাছান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব জব্দ করতে হবে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না।
হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়, তাতে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এর আগের সরকারে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শেখ হাসিনা সরকারে যাদের অত্যন্ত প্রভাবশালী হিসেবে গণ্য করা হতো, তাদের মধ্যে হাছান মাহমুদ একজন।
