এনবিআর চেয়ারম্যানকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • এনবিআর চেয়ারম্যানকে অপসারনে রাজস্ব ভবনের সামনে মানববন্ধন কর্মকর্তাদের
  • এনবিআরের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা–কর্মচারীরাও পদোন্নতির দাবি জানিয়েছেন
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:০০ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন প্রতিষ্ঠানটির নন-ক্যাডার কর্মকর্তা ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি অংশ। 

এই দাবির পক্ষে আছেন এনবিআরের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারাও।

আজ সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়। অন্যথায় কর্মবিরতি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। 

এ সময় বিক্ষোভকারীরা চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দুপুর ১২টা ৩০ মিনিটে তাঁদের কর্মসূচি শেষ হলেও এনবিআরের সব কর্মচারী সকাল থেকে কর্মবিরতি পালন করছেন।

এছাড়া বিগত সরকারের আমলে এনবিআরের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা–কর্মচারীরাও পদোন্নতির দাবি জানিয়েছেন।

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। 

এদিকে গত বৃহস্পতিবার আয়কর এবং শুল্ক ও ভ্যাট—এই দুটি শ্রেণির বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠনও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিবৃতি দিয়েছে। এনবিআর চেয়ারম্যান বর্তমানে চুক্তিভিত্তিক দায়িত্বপালন করছেন। গত সরকার একাধিকবার তাঁর চুক্তি নবায়ন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত