রাজশাহীতে ময়লার স্তুপে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আজ সোমবার দুপুরে নগরীর টিকাপাড়া এলাকায় খেলা করার সময় ককটেল বিস্ফোরিত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলো, নগরীর বোয়ালিয়া থানা টিকাপাড়া এলাকার আলমগীর হোসেনের সাত বছরের ছেলে আব্দুল্লাহ ও একই এলাকার মো শাহিনের ৮ বছরের ছেলে সাবা (৮)।
স্থানীয়রা জানায়, দুপুরে ময়লার স্তুপে দুই শিশু খেলা করছিল। এসময় তারা পরিত্যক্ত কয়েকটি ককটেল পায়। এগুলোকে তারা বল ভেবে খেলা শুরু করলে হটাৎ বিস্ফোরণ হয়। এতে দুই শিশু আহত হয়।
পরে সেখানে সেনাবাহিনী ও বিজিবি সদস্য ও শিক্ষার্থীরা গিয়ে শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় সেখানে থেকে আরো ৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বিস্ফোরণের আহত দুই শিশুকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
