আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৬:৩৬ এএম

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী-জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার বিচার, ক্যাম্পাসে দখলদারির ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ দাবি জানান।

বিকেল সাড়ে ৪টা থেকে হাজারো শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হন এবং স্লোগান দিতে থাকেন। সে সময় টিএসসি এলাকা শিক্ষার্থীতে কানায়-কানায় পূর্ণ হয়ে যায়। শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই, হাসিনার বিচার চাই; দখলদারের রাজনীতি/ শিক্ষকদের রাজনীতি এ ক্যাম্পাসে হবে না; গেস্টরুম-গণরুম, এ ক্যাম্পাসে হবে না; দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা বক্তব্য দেওয়ার আগে ৫ আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই। আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি। একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিল এবং থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান আছে। কিন্তু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র-জনতা তা কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করে বিচার নিশ্চিত করতে হবে।’ 

আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমরা আজকে আপনাদের কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি। আমরা ৫ আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর ৬ তারিখ থেকে কিছু কুচক্রী মহল ক্যু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র-জানতা তা দমন করি; এরপর সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল ক্যু করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র-জনতা তাদের পরিকল্পনা  সফল হতে দেব না।’

ডাকসুর সাবেক সমাজসেবাবিষয়ক সম্পাদক আখতার হোসেন বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে হাসিনার সব ষড়যন্ত্র রুখে দেব। আওয়ামী লীগ পরাজিত শক্তি, নানা কূটকৌশল আঁকছে, আমরা ছাত্র-জনতা কোনোভাবে ১৫ আগস্টে ক্যু করার পরিকল্পনা সফল হতে দেব না।’

ঢাবি শিক্ষার্থী সালমান বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই। আমরা চাই না আবার দখলদাররা আমাদের শোষণের সুযোগ পাক। আমরা গেস্টরুম ও গণরুম নামক জুলুম থেকে মুক্তি চাই। আমরা চাই না আর আমাদের ওপর জবরদস্তি করে রাজনৈতিক প্রোগ্রামে যোগ দিতে বাধ্য করা হোক। আমরা ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত